
Katha24.com I কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি | ৯ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানো এবং পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৬) দুপুরে থানা প্রাঙ্গণে আয়োজিত এ আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল হক স্বাগত বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ভূঁইয়া।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবী, ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং সাধারণ জনগণের সঙ্গে সরাসরি আলোচনা করেন। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে জেলা পুলিশের প্রস্তুতি ও নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ড. এস এম ফরহাদ হোসেন বলেন,
“জনগণের আস্থা অর্জন করাই পুলিশের মূল লক্ষ্য। পুলিশ ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, শান্তি বজায় রাখতে পুলিশি তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য।
মুক্ত আলোচনায় উপস্থিত নাগরিকরা মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও পুলিশি হয়রানি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও মতামত তুলে ধরেন। পুলিশ সুপার এসব বিষয় গুরুত্বসহকারে শোনেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে জানানো হয়, ওপেন হাউজ ডে’র মতো আয়োজন নিয়মিত করা হলে জনবান্ধব পুলিশিং আরও গতিশীল হবে এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক দৃঢ় হবে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।